সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে যৌথ টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই শাড়ি ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩১ আগস্ট) ভোরে সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শান্তিগঞ্জ উপজেলায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে ২ হাজার ৬৮৪ পিস বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। একই সঙ্গে এসব শাড়ি পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশের তথ্যের ভিত্তিতে বিশেষ আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে। পরে শান্তিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ কাভার্ড ভ্যানটি জব্দ করে। জব্দ করা শাড়ির আনুমানিক মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।
যৌথ টাস্কফোর্স অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. সেলিম রানা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং অবৈধভাবে পণ্য প্রবেশ রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে চোরাচালান বন্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা ভারতীয় শাড়ি ও কাভার্ড ভ্যানের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে



