৮ বছর পর সিলেটের রানওয়ে স্পর্শ করল বিদেশি বিমান

দীর্ঘ আট বছর অপেক্ষার পর অবশেষে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট। ওমানের জনপ্রিয় বাজেট এয়ারলাইন্স ‘সালামএয়ার’-এর একটি উড়োজাহাজ অবতরণের মধ্য দিয়ে মাস্কাট–সিলেট রুটে সরাসরি আন্তর্জাতিক যাত্রী পরিবহন শুরু হলো।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টা ৫৫ মিনিটে ১৩৩ জন যাত্রী নিয়ে ওমানের রাজধানী মাস্কাট থেকে উড়ে আসা সালামএয়ারের উদ্বোধনী ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে। একই দিন সকাল ৯টা ২৩ মিনিটে ২২৪ জন প্রবাসী যাত্রী নিয়ে উড়োজাহাজটি পুনরায় মাস্কাটের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমেদ।

বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালু হওয়া উপলক্ষে ওসমানী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এক বর্ণাঢ্য কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে সালামএয়ার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ওমানের ডেপুটি অ্যাম্বাসেডর ফাতেহা আহমেদ আল বালুশী, সালামএয়ারের চিফ কমার্শিয়াল অফিসার স্টিভেন এলেন, বাংলাদেশে এয়ারলাইনটির ব্যবস্থাপনা পরিচালক এম এ লতিফ শাহরিয়ার জাহিদী এবং সিলেট বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালামএয়ারের সিলেট এরিয়া ম্যানেজার সেলিম আল রাজী।

আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা থাকলেও এতদিন সিলেট থেকে বিদেশি কোনো এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করত না। ইতিপূর্বে ২০১৫ সালের ১ এপ্রিল প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে দুবাইভিত্তিক ‘ফ্লাইদুবাই’ সিলেট থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু করলেও কৌশলগত কারণে ২০১৮ সালের সেপ্টেম্বরে তা বন্ধ করে দেয়।

এরপর দীর্ঘ আট বছর কোনো বিদেশি বিমান সংস্থা সিলেটে শিডিউল ফ্লাইট না চালানোয় এক বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছিল। সালামএয়ারের এই নতুন যাত্রার মধ্য দিয়ে প্রবাসীবহুল সিলেটের মানুষের সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। এর ফলে মধ্যপ্রাচ্যগামী হাজার হাজার প্রবাসী যাত্রী সরাসরি সিলেট থেকেই গন্তব্যে পৌঁছাতে পারবেন।

সালামএয়ারের সূচি অনুযায়ী, প্রাথমিক অবস্থায় মাস্কাট–সিলেট রুটে সপ্তাহে ৩ দিন (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার) সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। চাহিদা অনুযায়ী আগামী মাসেই ফ্লাইট সংখ্যা বাড়িয়ে সপ্তাহে ৫ দিন এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে সপ্তাহের ৭ দিনই (প্রতিদিন) ফ্লাইট পরিচালনার বৃহৎ পরিকল্পনা রয়েছে এয়ারলাইন কর্তৃপক্ষের।

এদিকে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সালামএয়ারের এই ইতিবাচক সাড়ার পর চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ‘এয়ার আরাবিয়া’ ও ‘ফ্লাইদুবাই’সহ মধ্যপ্রাচ্যভিত্তিক আরও একাধিক বিদেশি এয়ারলাইন্স ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে পারে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৮
  • ১১:৫৬
  • ৪:২৩
  • ৬:১৪
  • ৭:২৯
  • ৫:৩৩