মৌলভীবাজার সদর উপজেলায় উত্ত্যক্ত ও অপহরণের আশঙ্কায় চলন্ত টমটম অটোরিকশা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন সাদিয়া আক্তার ঝুমা (১৮) নামের এক কলেজ ছাত্রী। তার সামনের দুটি দাঁত ভেঙে যায়। এই ঘটনা চাউর হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
জানা যায় ৩১ আগস্ট সকালের দিকে সদর উপজেলার গোমরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহত সাদিয়া আক্তার ঝুমা গোমরা এলাকার সুলেমান ভিলার ভাড়াটিয়া জাহাঙ্গীর আলমের মেয়ে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে একটি টমটম অটোরিকশায় ওঠেন ঝুমা। গাড়িতে আগে থেকেই এক অজ্ঞাতনামা যাত্রী বসা ছিল। ঝুমা ওঠার পর ওই ব্যক্তি বারবার তার গা ঘেঁষে বসে উত্ত্যক্ত করতে থাকে। একাধিকবার নিষেধ করা হলেও সে তা অমান্য করে। পরে টমটমটি গোমরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে পরিস্থিতি আরও বেগতিক হয়ে ওঠে। অপহরণের আশঙ্কায় আতঙ্কিত হয়ে আত্মরক্ষার্থে ঝুমা চলন্ত টমটম থেকে লাফ দেন। এতে তিনি পাকা সড়কে পড়ে মুখে গুরুতর আঘাত পান এবং সামনের দুটি দাঁত ভেঙে যায়। পরে তার মা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়।
মৌলভীবাজার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বিজয় নিশ্চিত করে জানান এ ঘটনায় জড়িত মূল দুইজনকে আটক করা হয়েছে।



