লন্ডনে বাংলাদেশি চারা মেলায় উপচে পড়া ভিড়

লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে জমে উঠেছে বাংলাদেশি চারা মেলা। বাংলাদেশি গার্ডেনার্স সোসাইটির উদ্যোগে পঞ্চম বারের মতো আয়োজিত এই চারা মেলা গত ১০ মে অনুষ্ঠিত হয় উৎসবমুখর পরিবেশে। পূর্ব লন্ডনের বারকিংয়ের মেইজ ব্রোক পার্কে অনুস্টিত চারা মেলায় প্রায় ৪০ টি স্টল ছিলো। কতৃপক্ষ জানিয়েছে প্রায় ২৫ হাজার চারা বিক্রি হয়েছে।

সকাল থেকেই মেলায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মেলায় দেশীয় নানা ধরনের সবজির চারা স্থান পেয়েছে। লাউ, কুমড়া, টেড়স, লাল শাক, পুঁইশাক, মরিচ, ধনেপাতাসহ বিভিন্ন পরিচিত দেশি সবজির চারার প্রতি ছিল ক্রেতাদের ব্যাপক আগ্রহ। প্রবাসীরা নিজেদের বাড়ির বাগান ও বারান্দায় দেশীয় সবজি চাষের জন্য আগ্রহভরে চারা সংগ্রহ করেন।

আয়োজকরা জানান, প্রবাসে বসবাস করলেও দেশের মাটি ও স্বাদের প্রতি মানুষের টান দিন দিন আরও বাড়ছে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যেও দেশীয় সবজি চাষের আগ্রহ তৈরি হয়েছে। ফলে প্রতিবছরই এই চারা মেলার পরিধি ও জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।

মেলায় অংশ নেওয়া অনেকেই বলেন, বিদেশের মাটিতে দেশীয় সবজি চাষ করতে পারা যেন এক অন্যরকম আনন্দ। নিজেদের হাতে ফলানো লাউ, কুমড়া কিংবা শাকসবজিতে খুঁজে পান দেশের স্বাদ ও শৈশবের স্মৃতি।

চারা মেলাকে ঘিরে পুরো আয়োজনজুড়ে ছিল মিলনমেলা ও প্রাণচাঞ্চল্য। পরিবার-পরিজন নিয়ে প্রবাসীরা মেলায় এসে শুধু চারা কেনাকাটাই নয়, বরং একে অপরের সঙ্গে মতবিনিময় ও অভিজ্ঞতা ভাগাভাগিও করেন।

বাংলাদেশি গার্ডেনার্স সোসাইটির এ উদ্যোগ প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৩
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৭
  • ৭:৪৮
  • ৫:১৪