সাহিত্যচর্চা অত্যন্ত কঠিন ও মেধাভিত্তিক একটি কাজ। অবিন্যস্ত অনুভূতি কিংবা প্রকৃতির ‘জঙ্গল’কে নিজের শৈল্পিক মেধা দিয়ে সুন্দর ‘উদ্যানে’ রূপান্তর করাই একজন সাহিত্যিকের আসল কাজ। সাহিত্যিক তাঁর চিন্তা ও অনুভূতির মাধ্যমে জঙ্গলসম চিন্তাকে পরিশীলিত করে পাঠকের জন্য সাহিত্যের একটি সুন্দর উদ্যান রচনা করেন। প্রকৃতি ও মানবমনের ভাবনার গভীর মেলবন্ধনেই সৃষ্টি হয় সাহিত্য।
সিলেটের সাহিত্য-সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাসের ১২৮৫তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে আলোচনাকালে আলোচকগণ উপরোক্ত কথা বলেন।
০৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে কবি বাছিত ইবনে হাবীবের সভাপতিত্বে ও ছড়াকার আব্দুস সামাদ অয়নের সঞ্চালনায় আসরে আলোচনায় অংশগ্রহণ করেন কবি মাহফুজ জোহা, মফিক মোহাম্মদ ও কবি সাজন আহমদ সাজু।
আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কামাল আহমদ। স্বরচিত লেখা পাঠে অংশগ্রহণ করেন আমিনা শহীদ চৌধুরী মান্না, এস এম নজরুল ইসলাম তালুকদার, ওমর ফারুক, রিজাউল হক, অমিত মামুন, কামাল আহমদ, লবিদ হোসেন চৌধুরী, মুজাহিদুল ইসলাম, আমীর সোহাগ, দিদার আহমদ প্রমুখ। গান পরিবেশন করেন ওমর ফারুক (নাতে রাসুল), বাহাউদ্দিন বাহার ও কুবাদ বখত চৌধুরী রুবেল।



