প্রবাসী বাংলাদেশীদের কনস্যুলার সেবা অধিকতর তথ্যনির্ভর, দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে কনস্যুলার সেবা সহজীকরণ ও তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্কে একটি ‘কল সেন্টার’ চালু করেছে।
০১ সেপ্টেম্বর এই কল সেন্টার চালু হয়।
সংশ্লিষ্টরা জানান, নিউ ইয়র্কসহ কনস্যুলেটের অধিক্ষেত্রাধীন ০৯ (নয়)টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এই কল সেন্টারের মাধ্যমে কনস্যুলার সেবা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও দিকনির্দেশনা সহজে এবং দ্রুততার সঙ্গে গ্রহণ করতে পারবেন। কল সেন্টার পরিচালনার জন্য মেধাবী, উদ্যমী ও প্রযুক্তি-সচেতন একদল তরুণকে সম্পৃক্ত করা হয়েছে। তাঁরা প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কনস্যুলার সেবা-সংক্রান্ত জিজ্ঞাসার যথাযথ উত্তর প্রদান এবং প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা প্রদানে দায়িত্ব পালন করবেন।
কল সেন্টারের নম্বরসমূহ:
৮৪৪-৮৬১-১৯৭১
২১২-৫৯৯-৬৭৬৭
সেবাপ্রত্যাশীদের কলের কার্যকর ও সময়োপযোগী সাড়া নিশ্চিত করার লক্ষ্যে সপ্তাহের প্রতিদিন, শনিবার ও রবিবারসহ, সকাল ৯:৩০টা থেকে বিকেল ৫:৩০টা পর্যন্ত কল সেন্টারটি চালু থাকবে। কোনো কারণে তাৎক্ষণিকভাবে সংযোগ স্থাপন সম্ভব না হলে সেবাপ্রত্যাশীরা ভয়েসমেইল রেখে যেতে পারবেন। পরবর্তীতে সংশ্লিষ্ট এজেন্ট প্রাপ্ত বার্তা পর্যালোচনা করে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা প্রদানের জন্য সেবাপ্রত্যাশীর সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করবেন।
কল সেন্টারটি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্ক এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ আরও সুসংগঠিত, কার্যকর ও সময়োপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
এই উদ্যোগের সফল বাস্তবায়ন এবং কল সেন্টারের কার্যক্রমকে অধিকতর ফলপ্রসূ করতে সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা ও আন্তরিক সহায়তা একান্তভাবে কামনা করেছেন সংশ্লিষ্টরা।



