ইতালিতে সংস্কৃতিকর্মী ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশে-বিদেশে ‘উগ্র ও সংঘবদ্ধ তৎপরতা’ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
স্ট্যাটাসে তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বিজয় অর্জিত হয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে বর্তমানে সরকার পরিচালনার দায়িত্বে থাকা বিএনপিসহ দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, ছাত্রসমাজ, কৃষক-শ্রমিক, সংস্কৃতিকর্মী ও আপামর জনতার সম্মিলিত অংশগ্রহণ ও আত্মত্যাগের মধ্য দিয়ে।
তিনি বলেন, “হাজারো ছাত্র-জনতাকে গুলি করে হত্যাকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন এবং দেশে-বিদেশে তাদের উগ্র ও সংঘবদ্ধ তৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, “সংস্কৃতিকর্মী ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর যারা জঙ্গি কায়দায় হামলে পড়েছে, তাদের অবশ্যই শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।”
ঘটনার বিষয়ে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থাপনের আহ্বান জানান তিনি। মুশফিকুল ফজল আনসারী বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের তথ্য-উপাত্ত তুলে ধরে দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ইতালির সহযোগিতা চাওয়া উচিত।
বিদেশে ভ্রমণরত প্রত্যেক বাংলাদেশি নাগরিক যেন নিজেকে নিরাপদ ও সুরক্ষিত মনে করেন, তা নিশ্চিত করা দূতাবাসগুলোর দায়িত্বের অংশ বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের সঙ্গে ইতালির প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সফররত কোনো ইতালীয় নাগরিক এমন হামলার শিকার হলে ইতালীয় মিশনের তৎপরতা এবং বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে তাদের তাৎক্ষণিক যোগাযোগ দৃশ্যমান হতো।
তিনি আরও বলেন, শুধু ইতালির ঘটনা নয়, বিশ্বের যেকোনো সভ্য দেশে এমন অসভ্য, সহিংস ও ঘৃণ্য তৎপরতা চালানো হলে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছে তথ্য-প্রমাণ তুলে ধরে দ্রুত প্রতিকারের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
প্রসঙ্গত, ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালি গেছেন অভিনেত্রী ও সংস্কৃতিকর্মী আজমেরী হক বাঁধন। বর্তমানে তিনি মেস্ত্রে শহরে অবস্থান করছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভাই ও তার পরিবারের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে তার ওপর হামলা ও হেনস্তার ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।



