কমলগঞ্জে বন্ধ হাসপাতাল চালুর দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন

মৌলভীবাজারের কমলগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ক্যামেলিয়া হাসপাতাল পুনরায় চালুর দাবিতে ফুঁসে উঠেছেন চা শ্রমিকরা। বুধবার (১৩ মে) সকাল ৯টায় শমশেরনগর চা বাগান ফ্যাক্টরির সামনে আয়োজিত মানববন্ধন থেকে হাসপাতালটি দ্রুত খুলে দেওয়ার দাবি জানান তারা।

শমশেরনগর, কানিহাটি, বাঘীছড়া, দেওছড়া ও ডবলছড়া চা বাগানের পঞ্চায়েত, সাধারণ শ্রমিক, ছাত্র এবং যুবকদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। শমশেরনগর চা বাগান পঞ্চায়েতের সভাপতি শ্রীকান্ত কানু গোপালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরি, সাবেক ইউপি সদস্য সীতারাম বিন, শিক্ষক নেতা নির্মল দাস পাইনকা, ইউপি সদস্য ইয়াকুব মিয়া, মহন লাল রবিদাস, নমিতা সিংহ প্রমুখ।

বক্তারা জানান, গত ২৬ মার্চ ঐশী রবিদাস নামের এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর নিরাপত্তার অজুহাতে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা সেবা বন্ধ করে দেয়। প্রায় দেড় মাস পার হয়ে গেলেও হাসপাতালটি চালু না হওয়ায় কমলগঞ্জ ও আশপাশের ৩৫টি চা বাগানের প্রায় এক লাখ শ্রমিক এবং তাদের পরিবার চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন।

শ্রমিক নেতা রামভজন কৈরি বলেন, ‘চা শ্রমিকরা দেশের অর্থনীতিতে অবদান রাখলেও তাদের মৌলিক স্বাস্থ্যসেবা অনিশ্চিত। হাসপাতালটি দ্রুত চালু না হলে আমরা আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব।’ অন্যান্য বক্তারা অভিযোগ করেন, আর্থিক সামর্থ্য না থাকায় শ্রমিকরা বেসরকারি ক্লিনিকে যেতে পারছেন না, ফলে প্রসূতি মা ও শিশুরা সবচেয়ে বেশি সংকটে পড়েছেন।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এটি পুনরায় চালু করার ব্যবস্থা নেওয়া হবে।

মানবাধিকার সংগঠনগুলোর মতে, চা বাগানে পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধের অভাব দীর্ঘদিনের সমস্যা। ক্যামেলিয়া হাসপাতাল বন্ধ থাকা শুধু একটি চিকিৎসা কেন্দ্র বন্ধ হওয়া নয়, বরং হাজার হাজার প্রান্তিক মানুষের ন্যূনতম বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়ার শামিল। চা শিল্পের ঐতিহ্য রক্ষায় শ্রমিকদের স্বাস্থ্য ও জীবনমান নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৩
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৭
  • ৭:৪৮
  • ৫:১৪