৪ পুলিশ সদস্য আহত, আটক ৭

তাহিরপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা

তাহিরপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদক ও জুয়াবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত নয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী, কনস্টেবল মিটু মিয়া, দ্বীপক চন্দ্র দাস ও মিনার মিয়া।

পুলিশ জানায়, তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের পাশের উজান তাহিরপুর গ্রামের একটি দোকানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট একজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিকে পুলিশের গাড়িতে তোলার সময় দোকানে থাকা ও আশপাশের কয়েকজন যুবক পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে চার পুলিশ সদস্য আহত হন।

খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করেন। পরে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উজান তাহিরপুর গ্রামের নুর আমিন (২৬), সাকিবুল হাসান (১৭), আলমগীর মিয়া (২৮), লিটন মিয়া (৩১), ওলি হোসেন (২৪), আশরাফুল মিয়া (২৬) ও সাফুল আলম (১৯)।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণয় দে বলেন, মাদক ও জুয়া বন্ধে অভিযান চালানোর সময় মাদক কারবারি ও জুয়াড়িরা পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৯
  • ১১:৫২
  • ৪:২৬
  • ৬:৩০
  • ৭:৫২
  • ৫:১১