
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে সিলেটে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। বুধবার সকালে ঢাকা থেকে একটি ফ্লাইটে সিলেটে আসেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা।
এর কয়েক ঘণ্টা পর বুধবার রাত ১০টার দিকে সিলেটে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় হোটেলে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্তরা।
আগামী ১৬ মে শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তবে আবহাওয়ার পূর্বাভাসে ম্যাচের বেশির ভাগ সময় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।
সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে। অন্যদিকে ড্র করলেই প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।
এর আগে ঢাকায় অনুষ্ঠিত প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের শেষ দিনে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে ১০৪ রানে হারায় স্বাগতিকেরা।
এদিকে প্রথম টেস্টের রোমাঞ্চের মধ্যেই দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি বোর্ড। মিরপুর টেস্টের ১৫ সদস্যের দলই অপরিবর্তিত রাখা হয়েছে সিলেট টেস্টের জন্য।
বাংলাদেশের টেস্ট দলে আছেন নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।