
মৌলভীবাজারের বড়লেখায় এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ মে) দুপুরে রুবেল (৪০) নামের নামের ওই লোককে উত্তর শাহবাজপুর থেকে আটক করা হয়। পেশায় মুদি দোকানি রুবেল ওই এলাকার খালপাড় গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি শাহবাজপুর বাজারে রুবেলের মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। মঙ্গলবার (১২ মে) রাতে রুবেল শিশুটিকে ফুসলিয়ে বড়াইল এলাকার একটি নির্জন জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে তাকে বলাৎকার করে।
রাতে শিশুটি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। তারা রুবেলের দোকানে গিয়ে সেটি বন্ধ দেখে বিষয়টি পুলিশকে জানান। এরপর পুলিশ ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর বুধবার সকালে বড়াইল জঙ্গল এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর শিশুটি তার পরিবারের কাছে মুদি দোকানি রুবেলের পাশবিক নির্যাতনের কথা প্রকাশ করে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান “খবর পাওয়ার পরপরই আমরা অভিযান চালিয়ে ভিকটিম শিশুকে উদ্ধার করি এবং অভিযুক্ত মুদি দোকানিকে আটক করি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শিশুটির চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।