শাবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী পাঠচক্রের উদ্বোধন

শাবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী পাঠচক্রের উদ্বোধন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রদলের একাংশের উদ্যোগে ‘জাতীয়তাবাদী পাঠচক্র’ নামে সাপ্তাহিক পাঠচক্রের উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের টিভি রুমে এ পাঠচক্রের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শাবিপ্রবি শাখা ছাত্রদলের সিনিয়র সভাপতি সোহাগ মাহমুদের অনুসারীদের নিয়ে এ পাঠচক্রের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমরা নব্বইয়ের আন্দোলন এবং ২০২৪ সালেও তাদের নেতা-কর্মীদের ভূমিকা দেখেছি।’

 

তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমাদের পড়া দরকার, তার সুশাসন সম্পর্কে জানা দরকার। কীভাবে দক্ষ মানুষকে দেশের কাজে লাগানো যায়, সেসব বিষয় নিয়ে তিনি কাজ করেছেন। স্বল্প সময়ে তিনি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।’

 

উপাচার্য আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীতে দেশ পরিচালনায় ভূমিকা রাখবে। তাই তাদের জ্ঞান ভালো হওয়া দরকার, গঠনমূলক হওয়া দরকার। কীভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে তাদের প্রস্তুত হতে হবে।’

 

 

এছাড়া আগামী জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন ও জব ফেয়ার আয়োজনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি জানুয়ারি মাসে একটি বড় ইনোভেশন ও জব ফেয়ার করার। আমরা চেষ্টা করছি, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসবেন এবং তার হাতে ইনোভেশন ও জব ফেয়ার উদ্বোধন হবে। আশা করি, তোমরা সেই অনুষ্ঠানে অংশ নেবে।

 

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির উপদেষ্টা আবিদ আব্দুল্লাহ, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়া, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং সহকারী প্রক্টর অধ্যাপক মো. বেলাল হোসেন শিকদার প্রমুখ।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬
  • ১১:৫০
  • ৪:১১
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪০