ডেমোক্রেসি রিলস কম্পিটিশনে দেশসেরা শাবিপ্রবির ‘অক্টা কোর’

ডেমোক্রেসি রিলস কম্পিটিশনে দেশসেরা শাবিপ্রবির ‘অক্টা কোর’

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘ডেমোক্রেসি রিলস কম্পিটিশন ২০২৬’-এ দেশে প্রথম স্থান অর্জন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের দল ‘অক্টা কোর’। প্রতিযোগিতায় বিজয়ী এই দলটিতে রয়েছেন শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী মো. আজিজুল হাকিম, মাহমুদ আল হাসান ও সাদনিন আফনানা পূর্ণ।

 

 

‘সিভিক ইয়থ বাংলাদেশের’ (সিওয়াইবি) আয়োজনে এবং নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে ‘তরুণদের কণ্ঠে গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক দিনব্যাপী মূল আয়োজনের অংশ হিসেবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

 

 

প্রতিযোগিতার ‘ডেমোক্রেসি রিলস’ ক্যাটাগরিতে সেরা পাঁচের তালিকায় ১ম স্থান অর্জন করে শাবিপ্রবির ‘অক্টা কোর’। এই তালিকায় ২য় স্থানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), ৩য় স্থানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ৪র্থ স্থানে বরিশাল কলেজ এবং ৫ম স্থান অর্জন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এছাড়া আয়োজনের অংশ হিসেবে ‘স্টোরিটেলিং অ্যান্ড পোস্টার কম্পিটিশন’ও অনুষ্ঠিত হয়।

 

 

দিনব্যাপী এই সুধী আয়োজনের আলোচনা পর্বে ‘বাংলাদেশে গণতন্ত্রের সংগ্রাম’ শীর্ষক বিষয়ভিত্তিক বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেসবাউল আজম সওদাগর।

 

 

পরবর্তীতে ‘ডেমোক্রেসি, গভর্ন্যান্স অ্যান্ড পাবলিক ট্রাস্ট’ শীর্ষক প্রথম প্যানেল আলোচনায় অংশ নেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা ৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মারদিয়া মমতাজ, এনসিপির যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, সাবেক নির্বাচন সংস্কার কমিশন সদস্য ড. আবদুল আলীম এবং দ্য ডেইলি ওয়ার্ল্ড-এর সম্পাদক শফিকুল আলম। সেশনটি সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাহ নেওয়াজ খান।

 

 

এরপর ‘ইয়ুথ ভয়েসেস ফর ডেমোক্রেসি’ শীর্ষক দ্বিতীয় প্যানেল অধিবেশনে তরুণদের গণতান্ত্রিক অংশগ্রহণ ও প্রত্যাশা নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেন জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস আয়াম রাইয়ান, ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মিফতাহ আল মারুফ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যুব অধিকারকর্মী নাফসিন মেহনাজ আজিরিন এবং অ্যাক্টিভেট রাইটসের সহপ্রতিষ্ঠাতা শোয়েব আবদুল্লাহ।

 

 

অনুষ্ঠানের সমাপনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইয়ানা ভ্যান ডার লিন্ডেন। বক্তব্য রাখেন সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলিম আমজাদ খান, সিওয়াইবির প্রজেক্ট লিড বুরহান উদ্দিন এবং সহকারী প্রজেক্ট লিড নাজমুল হুদা আজাদসহ আয়োজক সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬
  • ১১:৫০
  • ৪:১১
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪০