সারাদেশে শনিবার থেকে হামের দ্বিতীয় দফার বিশেষ টিকাদান শুরু

সারাদেশে শনিবার থেকে হামের দ্বিতীয় দফার বিশেষ টিকাদান শুরু

নিয়মিত টিকাদান সূচি থেকে বাদ পড়া শিশুদের সুরক্ষায় সারাদেশে শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার হামের বিশেষ টিকাদান কর্মসূচি। মাসব্যাপী এ উদ্যোগের মাধ্যমে ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

৩১ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন টিকাদান কেন্দ্রে এই বিশেষ অভিযান পরিচালিত হবে।

সম্প্রতি সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও গ্যাভির সহযোগিতায় প্রথম ধাপে ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য ছিল, যা সফলভাবে অর্জিত হয়। তবে পরবর্তীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণকালে দেখা যায়, প্রায় ৪৩ লাখ শিশু এই সুবিধার বাইরে রয়ে গেছে। পরে অতিরিক্ত ক্যাম্পেইনের মাধ্যমে ১৯ লাখ শিশুকে টিকা দেওয়া সম্ভব হলেও এখনও ২৪ লাখ শিশু বাকি রয়েছে। এর সাথে গত তিন মাসে ছয় মাস বয়স পূর্ণ করা আরও ১০ লাখ শিশু নতুন করে যুক্ত হয়েছে।

টিকার মজুত প্রসঙ্গে মন্ত্রী জানান, বর্তমানে দেশে মোট ৫৮ লাখ ডোজ টিকা হাতে রয়েছে। ১০ শতাংশ সম্ভাব্য অপচয় হিসাব করলেও প্রায় ৫২ লাখ ডোজ কার্যকর টিকা অবশিষ্ট থাকবে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি।

বিশেষ ক্যাম্পেইন শেষ হওয়ার পরও নতুন বয়সসীমা স্পর্শ করা শিশুদের জন্য মপ-আপ কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্বাস্থ্য কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে এ কর্মসূচি পরিচালিত হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, হাম ও রুবেলা প্রতিরোধ্য অ্যান্টিবডি তৈরিতে এমআর ভ্যাকসিন অপরিহার্য। তাই ইপিআই শিডিউল অনুযায়ী ৯ ও ১৫ মাস বয়সের দুটি নিয়মিত ডোজ নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত হিসেবে এই বিশেষ টিকা গ্রহণ করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১১:৪৮
  • ৪:০৬
  • ৫:৫১
  • ৭:০৪
  • ৫:৪১