শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) তিনটি হল শাখার নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ। এ লক্ষ্যে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করা এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও সৈয়দ মুজতবা আলী হল শাখার নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এতে পদপ্রত্যাশীদের আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানায় জীবনবৃত্তান্ত পাঠাতে বলা হয়েছে। জীবনবৃত্তান্তের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র অথবা পরিচয়পত্র কিংবা সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র, জাতীয় পরিচয়পত্রের কপি, জন্মসনদের কপি, সব বোর্ড পরীক্ষার সনদের কপি, সর্বশেষ পাস করা পরীক্ষার সনদপত্র বা মার্কশিটের কপি এবং ক্রীড়া, সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি ও কমিউনিটি সার্ভিসসহ অন্যান্য বৃত্তিমূলক কাজের সনদের কপি সংযুক্ত করতে বলা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগকে ২০২৪ সালের ২৩ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারায় নিষিদ্ধ ঘোষণা করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সংগঠনটিকে আইনের দ্বিতীয় তফসিলে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়।



