যুক্তরাষ্ট্রের মিশিগানে নিজ মেয়ের গাড়ির নিচে চাপা পড়ে মো. আব্দুর রহিম নামের এক প্রবাসী বাংলাদেশি মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন।
গতকাল (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ওয়ারেন শহরের টেন মাইলস্থ অরনার এলাকার তিনির নিজ বাসার সামনে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেলে ৬৩ বছর বয়েসী মো. আব্দুর রহিম তার আদরের মেয়েকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন। নিজ বাসার ড্রাইভওয়ে থেকে গাড়িটি সামনে নেওয়ার কথা থাকলেও ভুলবশত রিভার্স গিয়ারে ফেলে দেন তার মেয়ে। এতে গাড়িটি আকস্মিক দ্রুত পেছনে চলে আসে এবং পেছনে দাঁড়িয়ে থাকা আব্দুর রহিমের ওপর দিয়ে উঠে যায়।
এ সময় ঘটনাস্থলে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাৎক্ষণিকভাবে 911এ কল করেন। খবর পেয়ে ওয়ারেন ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটির নিচ থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে মর্মান্তিক এই ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার গাড়ি চালনা শিক্ষানবিস ড্রাইভার মেয়েকে হেফাজতে নিয়েছে।
জানা গেছে, মো. আব্দুর রহিম ২০১৯ সালে উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রের মিশিগানে পাড়ি জমান।
তার দেশের বাড়ি ঢাকার ধানমন্ডি এলাকায়। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যাসন্তানের জনক, যারা আমেরিকায় বসবাস করছেন এবং তার এক ছেলে বাংলাদেশে রয়েছেন।
তার এই হঠাৎ মৃত্যুতে মিশিগানের বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
