সিলেট ও মৌলভীবাজারের কিছু এলাকায় আজ মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ছয় জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল থাকতে পারে। কোথাও কোথাও অনুভূত হতে পারে ভ্যাপসা গরম।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে রাত ১২টার মধ্যে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও ফেনী জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও মৌলভীবাজার জেলার কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেশের অন্যান্য জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। এসব এলাকায় দিনভর রোদ থাকতে পারে। ফলে বিভিন্ন স্থানে ভ্যাপসা গরমের অনুভূতি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টির সময় স্থানীয়ভাবে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তাই বৃষ্টিপ্রবণ এলাকার বাসিন্দাদের আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।



