অবৈধ অভিবাসীদের ৩য় দেশে পাঠাতে পারবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র থেকে নথিবিহীন অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানোর নিম্ন আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার এই আদেশ দেওয়া হয়। এর মাধ্যমে তৃতীয় দেশে অভিবাসী পাঠানোর সবুজ সংকেত পেল ট্রাম্প প্রশাসন।এই মামলায় আগামী ডিসেম্বরে চূড়ান্ত শুনানির দিন ধার্য করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের করা এক জরুরি আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট বিধিনিষেধ তুলে নেওয়ার আদেশ দেন। এর মাধ্যমে নিম্নআদালতের দেওয়া একটি রায় স্থগিত হলো। ওই রায়ে তৃতীয় দেশে স্থানান্তর প্রক্রিয়ার ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছিল। পুরোপুরি নিষিদ্ধ নয়।

নিম্ন আদালতের রায়ে বলা হয়েছিল, যাদেরকে স্থানান্তর করা হচ্ছে তাদেরকে তৃতীয় দেশটির নাম উল্লেখ করে আগে থেকে নোটিশ দিতে হবে। যাতে ওই দেশের সম্ভাব্য ঝুঁকির বিষয়ে অভিবাসীরা নিজেদের উদ্বেগের কথা জানাতে পারেন।

বিধিনিষেধটি তুলে নেওয়ার আদেশটি দিয়েছেন সুপ্রিম কোর্টের ৯ সদস্যের একটি বেঞ্চ। তাদের মধ্যে তিন বিচারপতি জানিয়েছেন, তারা ট্রাম্প প্রশাসনের আবেদনটি মঞ্জুর করার পক্ষে ছিলেন না।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ট্রাম্প নথিবিহীন লাখ লাখ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত বছর হোয়াইট হাউসে ফেরার পর থেকে তিনি নির্বাসনের প্রক্রিয়া দ্রুত করতে একাধিক পদক্ষেপ নেন। প্রশাসনের দাবি, তৃতীয় দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি খুব জরুরি। কারণ, নথিবিহীন অভিবাসীদের নিজ দেশই অনেক সময় গ্রহণ করতে চায় না।

এদিকে বিধিনিষেধ তুলে নেওয়ার বিরোধীরা সুপ্রিম কোর্টে তাদের যুক্তি তুলে ধরেন। তারা বলেন, নিম্ন আদালতের রায় তৃতীয় দেশে স্থানান্তরের পথ পুরোপুরি বন্ধ করেনি। বরং আইনি কাঠামোর ভেতর থেকে কাজটি করতে বলেছিল।

ট্রাম্পের সলিসিটর জেনারেল জন সাউয়ার আদালতকে বলেন, ‘জঘন্য বিদেশি অপরাধীদের’ বিতাড়িত করার ক্ষেত্রে তৃতীয় দেশে পাঠানোর প্রক্রিয়াটি অপরিহার্য। নিম্ন আদালতের রায় এক্ষেত্রে কাঠামোগত সমস্যা তৈরি করেছিল।

যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিতদের মধ্যে প্রায় ২০ হাজার জনকে মেক্সিকোতে পাঠানো হয়েছে। আরও অনেককে পাঠানো হয়েছে লাতিন আমেরিকা, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৭টি দেশে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১১:৪৬
  • ৪:০১
  • ৫:৪৪
  • ৬:৫৭
  • ৫:৪৩