কেমুসাসে রাসুলুল্লাহ (সা.)-এর শানে কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠিত

কেমুসাসে রাসুলুল্লাহ (সা.)-এর শানে কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠিত

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য সংসদের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খানের সভাপতিত্বে এবং সাহিত্য ও গবেষণা সম্পাদক ছড়াকার কামরুল আলমের সঞ্চালনায় আজ ২৯ সেপ্টেম্বর বিকেলে এ অনুষ্ঠানে কবি-সাহিত্যিক, লেখক, সাংবাদিক ও সাহিত্যপ্রেমীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সৌদি দূতাবাস, ঢাকার দ্বায়ী সাঈদ বিন নুরুজ্জামান মাদানী। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন। তাঁর জীবন, আদর্শ, চরিত্র ও মানবিক মূল্যবোধকে মানুষের সামনে তুলে ধরতে সাহিত্য ও কবিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, সাহিত্যের অন্যতম শক্তি মানুষের হৃদয়কে স্পর্শ করা। রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা, তাঁর মহান চরিত্র ও আদর্শকে কবিতা ও সাহিত্যের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সময়ের গুরুত্বপূর্ণ দাবি। তবে এ ক্ষেত্রে তথ্যনির্ভরতা, শুদ্ধ আকিদা ও ইসলামী মূল্যবোধের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কবি ও সাহিত্যিকরা রাসুলুল্লাহ (সা.)-এর শানে বিভিন্ন কবিতা পাঠ করেন। কবিতায় উঠে আসে মহানবী (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর অনুপম চরিত্র, মানবতার প্রতি তাঁর মমত্ববোধ এবং বিশ্বমানবতার জন্য তাঁর রেখে যাওয়া মহান আদর্শ। কবিতা পাঠের সময় অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সীরাত উদযাপন উপকমিটির সদস্য-সচিব ও কেমুসাসের কোষাধ্যক্ষ জাহেদুর রহমান চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক লুৎফুর রহমান তোফায়েল।

আলোচনা পর্বে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন কেমুসাসের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, কবি বাছিত ইবনে হাবীব, আল ইসলাহ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, কেমুসাসের কার্যকরী পরিষদের সদস্য মুহাম্মদ ফয়জুল হক ও সৈয়দ মোহাম্মদ তাহের। বক্তারা বলেন, বাংলা সাহিত্যে রাসুলপ্রেমের যে সমৃদ্ধ ধারা গড়ে উঠেছে তা আরও শক্তিশালী করতে কবি-সাহিত্যিকদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে ইসলামী সাহিত্যচর্চার মাধ্যমে নৈতিকতা, মানবিকতা ও সৌন্দর্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ কবিতা পাঠ ও আলোচনা সভা সাহিত্যচর্চার পাশাপাশি মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধাবোধকে আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদেরকে

সনদপত্রসহ পুরস্কার প্রদান করা হয়। প্রথম স্থান অধিকার করেন সাজিদ নওফেল, দ্বিতীয় স্থান অর্জন করেন রিজাউল হক এবং তৃতীয় স্থান অর্জন করেন আমিনা শহীদ চৌধুরী মান্না। বিশেষ পুরস্কার অর্জন করেন ফজলুর রহমান ও আব্দুল্লাহ আল মাসুদ।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১১:৪৬
  • ৪:০১
  • ৫:৪৪
  • ৬:৫৭
  • ৫:৪৩