সিলেটে উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডে নবনির্মিত ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের ষষ্ঠ তলায় আনুষ্ঠানিকভাবে আইসিইউ সেবার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ডা. সৈয়দ মোহাম্মদ মুসা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সৈয়দ মুসা এম এ কাইয়ুম, অধ্যাপক ডা. রেজাউল করিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি জনাব মুকতাবিসুন নূর এবং অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন চৌধুরী প্রমুখ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সংকটাপন্ন ও মুমূর্ষু রোগীদের দ্রুত ও নিবিড় চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যেই আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই আইসিইউ চালু করা হয়েছে। এখানে প্রয়োজন অনুযায়ী রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ, নিবিড় পরিচর্যা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
ক্রিটিক্যাল কেয়ার টিমের তত্ত্বাবধানে থাকবেন সিলেটের একমাত্র ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডা. মহসিন উর রহমান মামুন। তাঁর তত্ত্বাবধানে সংকটাপন্ন রোগীদের প্রয়োজন অনুযায়ী নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসাসেবা প্রদান করা হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, সিলেটের মানুষের চিকিৎসার জন্য যাতে অন্যত্র ছুটতে না হয়, সে লক্ষ্যেই আধুনিক চিকিৎসা অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষ চিকিৎসক, নার্স ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে রোগীদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, ‘আস্থার সঙ্গে আধুনিক চিকিৎসার অঙ্গীকার’—এই লক্ষ্যকে সামনে রেখে সিলেট ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড মানুষের পাশে থাকতে চায়। নতুন আইসিইউ চালুর মাধ্যমে সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় আরও একটি গুরুত্বপূর্ণ সক্ষমতা যুক্ত হলো।
কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবলের সমন্বয়ে এই আইসিইউ সিলেটের মানুষের জন্য উন্নত ও জরুরি চিকিৎসাসেবার একটি নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।



