
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুইটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুরে জেলার দহগ্রাম সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে।
লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাব্বির বিন শামস ভারত থেকে অবৈধপথে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
এসপি মো. আসাদুজ্জামান জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের সময়ে চুক্তিভিত্তিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার পদেও কর্মরত ছিলেন।