কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা, ডিম নিক্ষেপ

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা, ডিম নিক্ষেপ

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপেরও অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী কয়েকজনকে সঙ্গে নিয়ে ব্যক্তিগতভাবে কুষ্টিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে বের হন। বিকেলে শিলাইদহ ঘুরে সন্ধ্যায় লালন আখড়াবাড়িতে যান তাঁরা। সেখানে গান শুনে বের হওয়ার সময় দুজন নারী তাঁর সঙ্গে ছবি তুলতে চাইলে ওই মুহূর্তে তাঁকে লক্ষ্য করে একজন ডিম ছোড়েন।

 

এরপর ২০ থেকে ২৫ জনের একটি দল এসে উচ্চস্বরে গালাগালি করে তাঁকে মারতে উদ্যত হয় বলে অভিযোগ করেন তাঁর সঙ্গে থাকা ভেড়ামারা উপজেলা এনসিপির সদস্যসচিব শোভন আহমেদ। তাঁর দাবি, হামলাকারীদের হাতে লাঠিসোঁটা ছিল। এ সময় এনসিপির কয়েকজন নেতা-কর্মী আহত হন।

 

শোভন আহমেদ বলেন, দুই থেকে তিন মিনিটের মধ্যে পুরো ঘটনা ঘটে। পরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ সময় আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে থাকা তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাঙচুর করা হয়।

 

ঘটনার পর পুলিশ নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। রাত আটটার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ‘হামলার ঘটনা ঘটেছে। তবে গাড়ি ভাঙচুরের বিষয়টি জানা নেই। তিনি কখন, কেন এসেছেন, সেটা জানতাম না। ঘটনার পর তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সেখানে আরও পুলিশ যাচ্ছে।’

 

এদিকে হামলার ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

 

এনসিপি কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব সুলতান মারুফ তালহা অভিযোগ করেন, ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।

 

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী। তিনি বলেন, ‘নাসীরুদ্দীনের ওপর যদি হামলা হয়ে থাকে, তবে সেটা অবশ্যই নিন্দনীয়। ছাত্রদল মব কালচারের রাজনীতিতে বিশ্বাস করে না। হামলার ঘটনার সঙ্গে ছাত্রদল কোনোভাবেই জড়িত থাকতে পারে না।’

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩১
  • ১১:৪৫
  • ৪:০০
  • ৫:৪৩
  • ৬:৫৬
  • ৫:৪৩