আন্দোলনের মুখে সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষের পদত্যাগ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সিলেট নগরের আখালিয়া এলাকার সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষ সাঈদা ইয়াসমীন। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তিনি পদত্যাগ করেন বলে কলেজ সূত্র ও আন্দোলনকারী শিক্ষার্থীরা নিশ্চিত করেছেন।

 

পদত্যাগপত্রে ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেছেন সাঈদা ইয়াসমীন। তার পদত্যাগের পর সহকারী অধ্যাপক সুরবা আক্তারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

এর আগে রোববার সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, পরীক্ষা, ফি আদায়সহ কলেজের প্রশাসনিক বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ চলছিল। এসব বিষয়ে অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়েও প্রত্যাশিত সমাধান না পাওয়ায় তারা আন্দোলনে নামেন।

 

শিক্ষার্থীরা জানান, মিডটার্ম, রিটেন ও টেস্টসহ বিভিন্ন পরীক্ষার জন্য পৃথক ফি আদায় নিয়ে তাদের মধ্যে ক্ষোভ ছিল। সম্প্রতি অনুষ্ঠিত মিডটার্ম পরীক্ষায় কয়েকজন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার পর পুনঃপরীক্ষার প্রশ্নপত্র নিয়েও বিরোধ দেখা দেয়।

 

অকৃতকার্য শিক্ষার্থীরা অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রেই পুনঃপরীক্ষা নেওয়ার দাবি জানালেও অধ্যক্ষ নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পক্ষে অবস্থান নেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ আরও বাড়ে।

 

এ ছাড়া হাসপাতালে রাতের ডিউটি শেষে সকালে পরীক্ষায় অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের সমস্যায় পড়ার অভিযোগও রয়েছে। তাদের দাবি, রাতের ডিউটি ও সকালের পরীক্ষা একই সময়ে থাকায় শারীরিক ও মানসিক চাপে পড়তে হচ্ছে।

 

এক আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, ‘কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর সমাধান পাওয়া যায়নি। এ কারণে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আমরা আন্দোলনে নামি।’

 

এদিকে রোববার দুপুরে কলেজের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আখতারুজ্জামান কলেজে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেন বলে জানা গেছে।

 

সন্ধ্যায় অধ্যক্ষের পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়ার পর কলেজে পরিস্থিতি শান্ত হয়। আন্দোলনকারী শিক্ষার্থী আর রায়হান বলেন, ‘অধ্যক্ষের পদত্যাগপত্র প্রদর্শনের পর আমরা আন্দোলন প্রত্যাহার করেছি।’

 

অধ্যক্ষ সাঈদা ইয়াসমীনের পদত্যাগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। তবে কলেজের অনলাইনে দেওয়া হেল্পডেস্ক নম্বরে যোগাযোগ করা হলে অধ্যক্ষের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩১
  • ১১:৪৫
  • ৪:০০
  • ৫:৪৩
  • ৬:৫৬
  • ৫:৪৩