সিলেটে ৯ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮৮

সিলেটের সড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না। মাসের পর মাস দুর্ঘটনায় ঝরছে প্রাণ। আগস্টে ভয়াবহ ৪৭ মৃত্যুর পর সেপ্টেম্বরে আরও ২৬ জনের প্রাণহানিতে নয় মাসে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮ জনে। একই সময়ে ২৬৫টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৬৩০ জন। সেপ্টেম্বরে দুর্ঘটনা ও প্রাণহানি আগস্টের তুলনায় কমলেও সড়কে মৃত্যুর ধারাবাহিকতা থামেনি।

রোববার (৪ অক্টোবর) প্রকাশিত নিরাপদ সড়ক চাই-নিসচা সিলেট বিভাগীয় কমিটির সেপ্টেম্বর মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে অনুযায়ী, সেপ্টেম্বর মাসে বিভাগের চার জেলায় ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৫১ জন আহত হয়েছেন। আগস্টে ৩৫টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ১২২ জন আহত হয়েছিলেন। অর্থাৎ, এক মাসের ব্যবধানে সেপ্টেম্বরে দুর্ঘটনা কমেছে ৯টি, নিহত কমেছে ২১ জন এবং আহত কমেছে ৭১ জন।

 

৯ মাসে ২৮৮ মৃত্যু :
জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নিসচার হিসাবে ২৬৫টি সড়ক দুর্ঘটনায় ২৮৮ জন নিহত ও ৬৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ২৫টি দুর্ঘটনায় ২৫ জন, ফেব্রুয়ারিতে ৩২টি দুর্ঘটনায় ৩২ জন, মার্চে ২৯টি দুর্ঘটনায় ৩২ জন, এপ্রিলে ১৯টি দুর্ঘটনায় ১৫ জন, মে মাসে ৪২টি দুর্ঘটনায় ৫১ জন, জুনে ২৯টি দুর্ঘটনায় ২৯ জন, জুলাইয়ে ২৮টি দুর্ঘটনায় ৩১ জন, আগস্টে ৩৫টি দুর্ঘটনায় ৪৭ জন এবং সেপ্টেম্বরে ২৬টি দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন।
নয় মাসের হিসাবে মে মাসেই সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছে। এরপর আগস্টে ৪৭ জন। সেপ্টেম্বরের ২৬ জনের মৃত্যু তুলনামূলক কম হলেও তা মাসটিকে মৃত্যুহীন করেনি; বরং গড়ে প্রায় একজন করে মানুষ প্রতিদিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

সেপ্টেম্বরে মৌলভীবাজারে সবচেয়ে বেশি মৃত্যু :
সেপ্টেম্বরে চার জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মৌলভীবাজারে। জেলাটিতে ৯টি দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। সিলেটে ৮টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১০ জন আহত, হবিগঞ্জে ৫টি দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১০ জন আহত এবং সুনামগঞ্জে ৪টি দুর্ঘটনায় ২ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।
সেপ্টেম্বরে নিহত ২৬ জনের মধ্যে ২২ জন পুরুষ, দুজন নারী ও দুজন শিশু। তাঁদের মধ্যে ১০ জন মোটরসাইকেলের চালক বা আরোহী এবং ১১ জন সিএনজি ও টমটমের চালক-আরোহী। এ ছাড়া ১০ জন চালক ও দুজন পথচারী নিহত হয়েছেন।
নিসচার প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের ৯টি দুর্ঘটনায় ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী এবং ১০টি দুর্ঘটনায় ১১ জন সিএনজি ও টমটমের চালক-আরোহী মারা গেছেন। ১০টি দুর্ঘটনায় ১০ জন চালক এবং দুটি দুর্ঘটনায় দুজন পথচারী প্রাণ হারিয়েছেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩১
  • ১১:৪৫
  • ৪:০০
  • ৫:৪৩
  • ৬:৫৬
  • ৫:৪৩