প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে ভারতে অবস্থান করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ‘বিরক্ত’ করছেন অভিযোগ করে তিনি প্রশ্ন তুলেছেন, এমন পরিস্থিতি ভারতের সঙ্গে হলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি ঢাকা সফরে আসতেন?
সোমবার রাজধানীর একটি হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর সমাপনী দিনে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ‘সফর হবে, আমি আশাবাদী। প্রধানমন্ত্রী কখনো বলেননি তিনি ভারত যাবেন না। একটা নতুন সরকারের চ্যালেঞ্জ বুঝতে হবে।’
শেখ হাসিনার ভারতে অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘দুই হাজার মানুষ হত্যা করে একজন সন্ত্রাসী ভারতে পালিয়ে গেছেন, তিন থেকে চার হাজার মানুষ গুম করে সেখানে গিয়ে বসে আছেন। আবার তিনি সেখানে বসে গালি দিচ্ছেন বা সেখান থেকে বিরক্ত করার চেষ্টা করবেন।’
এমন পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসতেন কি না, সেই প্রশ্ন তুলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এমন পরিবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখানে আসতেন?’
তবে ভারত-বাংলাদেশের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়গুলোর সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। হুমায়ুন কবির বলেন, ‘যাই হোক, আমরা কথাবার্তার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাব। ইতিবাচক হবে এবং আমি আশাবাদী একটা সফর হবে।’
প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য সরকার ‘সহায়ক পরিবেশের’ কথা বলছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে এসব চ্যালেঞ্জের সমাধান করা সম্ভব। দুই দেশের মধ্যে সংলাপ ও যোগাযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, ‘ওটা তো কালকে-পরশুর তারিখ দিয়ে হবে না। যেটা বাংলাদেশের জন্য ভালো, সেটাই হবে। যেটা বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য ভালো, ঐটাতেই আমরা যাব।’
এদিকে গঙ্গা চুক্তির নবায়ন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে দুই সরকার এ বিষয়ে আলোচনায় বসবে।



