সিলেটে এবার ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজা, বেড়েছে মণ্ডপ 

সিলেট জেলা ও মহানগর মিলিয়ে এবার ৬৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে ১৮টি। গত বছর জেলা ও মহানগর মিলিয়ে ৬১৮টি মন্দির-মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল।

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সংগঠনটির তথ্য অনুযায়ী, এবার সিলেট জেলায় সর্বজনীন ৪৪৮টি ও পারিবারিক ২৬টিসহ মোট ৪৭৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মহানগর এলাকায় সর্বজনীন ১৪৬টি ও পারিবারিক ১৬টিসহ মোট ১৬২টি মণ্ডপে পূজা হবে।

 

আগামী ১৮ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে।

 

গত বছর সিলেট মহানগরে ১৪২টি সর্বজনীন ও ২০টি পারিবারিক মণ্ডপসহ মোট ১৬২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। আর জেলার বিভিন্ন উপজেলায় ৪২৭টি সর্বজনীন ও ২৯টি পারিবারিক মণ্ডপসহ মোট ৪৫৬টি মণ্ডপে পূজা হয়।

 

এদিকে শুক্রবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার বার্ষিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

 

তিনি বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী সিলেটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা আয়োজন নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

 

সিসিক প্রশাসক বলেন, সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী। অতীতে যেভাবে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল, ভবিষ্যতেও তা অক্ষুণ্ন থাকবে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে হবে।

 

তিনি বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সরকার আন্তরিক। এ জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পূজাকে আরো উৎসবমুখর করতে এবার সহযোগিতাও বাড়ানো হয়েছে। কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা শান্তি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

 

পূজামণ্ডপে বাড়তি নিরাপত্তার জন্য নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগের আহ্বান জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব ব্যবস্থাপনায় সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক রাখতে হবে।

 

সিসিকের পক্ষ থেকে এবার বরাদ্দ বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, পূজা উপলক্ষে নগরের ভাঙা সড়কগুলো মেরামত করা হবে। পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় পানি সরবরাহ নিশ্চিত করা হবে। এরপরও কোনো সমস্যা দেখা দিলে সিটি করপোরেশনকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

 

সভায় সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেকসহ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

 

এদিকে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটি এবং সিলেট জেলা ও মহানগর শাখার বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮টি নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ১১ সদস্যের একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।

 

পূজা কমিটিগুলোকে সার্বক্ষণিক মনিটরিং সেলের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে।

 

সভায় নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একদিন ছুটি বাড়িয়ে দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩১
  • ১১:৪৫
  • ৪:০০
  • ৫:৪৩
  • ৬:৫৬
  • ৫:৪৩