বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণতন্ত্র চর্চায় কানাডার দীর্ঘ ঐতিহ্যের প্রশংসা করেন এবং বাংলাদেশেও গণতান্ত্রিক ধারাকে সুসংহত করতে দেশটির সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও সংসদীয় রীতির অনুপস্থিতির কারণে নানা প্রতিকূলতা তৈরি হয়েছে। সরকার বর্তমানে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। একই সঙ্গে তিনি দেশে কৃষি, খাদ্য নিরাপত্তা, সার, তথ্যপ্রযুক্তি ও আউটসোর্সিংসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে কানাডার সাথে সহযোগিতা জোরদারের ওপর জোর দেন।
এ সময় কানাডার হাইকমিশনার জানান, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের আকার বর্তমানে বার্ষিক চার বিলিয়ন কানাডীয় ডলার ছাড়িয়েছে এবং এ বাণিজ্য আরো সম্প্রসারণের সুযোগ রয়েছে। পাশাপাশি তিনি দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রোহিঙ্গা সংকটে কানাডার মানবিক সহায়তার কথা উল্লেখ করে হাইকমিশনার জানান, এ পর্যন্ত প্রায় ৬০০ মিলিয়ন ডলারের অনুদান দেওয়া হয়েছে। অব্যাহত এই সহায়তার জন্য কানাডা সরকারকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে আন্তর্জাতিক পরিমণ্ডলে কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।
এ ছাড়া শিক্ষাক্ষেত্রে—বিশেষ করে কারিগরি শিক্ষা, প্রযুক্তি, নার্সিং ও চিকিৎসা খাতে কানাডার সহযোগিতা কামনা করে রাষ্ট্রপতি উল্লেখ করেন, বর্তমানে এক লাখেরও বেশি বাংলাদেশি নাগরিক কানাডার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কানাডার পক্ষে রাজনৈতিক কাউন্সেলর মার্কাস ডেভিস উপস্থিত ছিলেন।



