সৌদিতে পরিবার নিতে পারবেন দক্ষ প্রবাসীরা

দক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবার নিয়ে সৌদি আরবে যাওয়ার প্রক্রিয়া সহজ করেছে দেশটির সরকার। এখন থেকে যোগ্য প্রবাসীরা নিজেদের কর্মসংস্থান ভিসার প্রক্রিয়া চলার সময়ই নির্দিষ্ট পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার জন্য ভিসার আবেদন করতে পারবেন।

গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ নতুন ব্যবস্থা চালুর কথা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সমন্বয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর লক্ষ্য সৌদি আরবে থাকা প্রবাসীদের জীবনযাত্রার মান উন্নত করা এবং দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা ও আবাসনসংক্রান্ত প্রক্রিয়া সহজ করা।

নতুন নিয়ম অনুযায়ী, দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীরা তাদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলে এবং অবিবাহিত মেয়েকে সৌদি আরবে নিতে পারবেন। তবে পরিবারের সদস্যদের ভিসা পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট আবেদন ও নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে।

এর আগে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার ক্ষেত্রে কর্মীর নিজস্ব ভিসা ও আবাসনসংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। নতুন ব্যবস্থায় সেই অপেক্ষার প্রয়োজন কমছে। অর্থাৎ, যোগ্য কর্মীর কর্মসংস্থান ভিসার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই পরিবারের যোগ্য সদস্যদের ভিসার প্রক্রিয়াও চালানো যাবে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবারের সদস্যরা দেশটিতে প্রবেশের পর তাদের রেসিডেন্স পারমিট বা ইকামা সংক্রান্ত প্রয়োজনীয় প্রক্রিয়া প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সম্পন্ন করা যাবে।

সৌদি সরকারের এ পদক্ষেপকে দক্ষ ও যোগ্যতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য দেশটিকে আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে কর্মীদের পরিবারসহ সৌদিতে স্থানান্তরের প্রক্রিয়া সহজ হওয়ায় তাদের ব্যক্তিগত ও পেশাগত স্থিতিশীলতা বাড়বে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫