
২৬শে মে মঙ্গলবার পবিত্র আরাফাহ দিবস। সৌদি আরবের সুপ্রিম কোর্ট রোববার ঘোষণা করেছে এবার পবিত্র হজের এই মূল আনুষ্ঠানিকতা বা ‘আরাফাতের ময়দানে অবস্থান’ অনুষ্ঠিত হবে মঙ্গলবার, ৯ জিলহজ, ২৬শে মে। এদিনকে হজের মূল হিসেবে ধরা হয়। এর পরদিন বুধবার ২৭ মে সৌদি আরবে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।
এ ঘোষণা দিয়েছে সৌদি প্রেস এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, সোমবার ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন। চাঁদ দেখা যাওয়ার পরই এই সিদ্ধান্ত নেয় সৌদি আরবের সুপ্রিম কোর্ট। চাঁদ দেখা বিষয়ক বিভাগ রোববার সন্ধ্যায় বৈঠক করে এবং একাধিক সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিশ্চিত করে।
ঘোষণায় বলা হয়, তারা দোয়া করেছে যাতে আল্লাহ তায়ালা দুই পবিত্র মসজিদের অভিভাবক সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স, প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে তাদের সেবার জন্য উত্তম প্রতিদান দেন। এছাড়া দোয়া করা হয় যাতে এবার হজযাত্রীরা নির্বিঘ্নে হজ সম্পন্ন করতে পারেন এবং তাদের ইবাদত কবুল হয়। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার জন্যও প্রার্থনা করা হয়।