নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা, পালালো দুর্বৃত্তরা

তেলনজিয়া বাজারে চায়ের দোকান থেকে বের হওয়ার সময় হামলা

নেত্রকোনার দুর্গাপুরে প্রকাশ্য বাজারে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে কলমাকান্দা পৌরসভার তেলনজিয়া বাজারে এই নৃশংস ঘটনা ঘটে।

নিহতের নাম লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি রূপসী বাংলা টিভির নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজে অনিয়ম নিয়ে লেখালেখি করতেন। তার বাড়ি কলমাকান্দার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।

যেভাবে হত্যা করা হয়:স্থানীয়রা জানান, রাতে তেলনজিয়া বাজারে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন আলিফ। দোকান থেকে বের হওয়ার সাথে সাথেই মোটরসাইকেলে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী চা দোকানি রবিন রাংছা বলেন, “আলিফ চা খেয়ে বের হচ্ছিল। দুই যুবক এসে প্রথমে সিগারেট চায়, তারপর হঠাৎ গুলি করে দেয়।

পুলিশ যা বলছেদুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমদ খান জানান, নিহতের মাথা, গলা ও বুকে একাধিক গুলির চিহ্ন রয়েছে।

নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

উল্লেখ্য, গত বছরও সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাটে দুর্বৃত্তরা আলিফকে কুপিয়ে আহত করেছিল।

পরিবার: আলিফ ৬ বছর আগে তেলনজিয়া গ্রামের আনন্দিতা সংমাকে বিয়ে করেন। তাদের ৪ বছরের একটি মেয়ে ও দেড় বছরের একটি ছেলে রয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *