মাত্র ১১ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মারা গেছে প্রবাসী বাংলাদেশি এক পরিবারের দুই ভাই। বড় ভাইয়ের শোক না কাটতেই ছোট ভাইয়ের মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে গভীর শোক। দুই সন্তানকে হারিয়ে পাথর হয়ে গেছেন বাবা-মা।

নিহতরা হলো- শাহ আদ্রী (২৬) ও শাহ ওয়াদি (১০)। তাদের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটের ফুলবাড়ি গ্রামে। পরিবারটি প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে।

পরিবার সূত্রে জানা গেছে, বড় ভাই আদ্রী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। সম্প্রতি একটি প্রতিষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। আর ছোট ভাই ওয়াদি স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী ছিল।

গত ৩ অক্টোবর কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান আদ্রী। তার মৃত্যুর ঠিক ১১ দিন পর গত বুধবার (১৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে জ্বরে আক্রান্ত হয়ে নিউইয়র্কের ব্রঙ্কসের মন্টিফিওর হাসপাতালে মারা যায় ছোট ভাই ওয়াদি।

পরপর দুই ছেলেকে হারিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা শাহ আসাদ। বারবার জ্ঞান হারাচ্ছেন মা। মেজো ছেলে শাহ আয়ানকে বুকে নিয়ে মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।

নিহতদের মামাতো ভাই তাজুল বাহার বলেন, আদ্রীর মৃত্যুর শোক না কাটতেই ওয়াদির মৃত্যুতে পরিবারটি পুরোপুরি ভেঙে পড়েছে। পরিবারের আরেক স্বজন কামরুল হাসান দুই ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

দীর্ঘদিন প্রবাসে থাকলেও গ্রামের মানুষের সাথে পরিবারটির গভীর সম্পর্ক ছিল। একই পরিবারের দুই সন্তানের এমন মৃত্যুতে নিউইয়র্কের প্রবাসী কমিউনিটি এবং হবিগঞ্জের গ্রামের বাড়ি দুই জায়গাতেই শোকের ছায়া নেমে এসেছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *