জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় চুরি-ডাকাতি প্রতিরোধ এবং শেওলা-জকিগঞ্জ সড়কের নির্মাণকাজের মান নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনা শেষে সড়কের কাজের গুণগত মান বজায় রেখে নির্মাণকাজ চালিয়ে যাওয়া এবং অনিয়ম রোধে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নিয়মিত তদারকির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে চুরি-ডাকাতি প্রতিরোধে উপজেলার সব ইউনিয়নে প্রতিরোধ কমিটি গঠনের কথা জানিয়েছে থানা পুলিশ।
আজ শনিবার (১৭ অক্টোবর) জকিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি (ইউএনও) সুজিত কুমার চন্দ।
সভায় শেওলা-জকিগঞ্জ সড়কের নির্মাণকাজের মান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, কাজের গুণগত মান নিশ্চিত করতে উপজেলা এলজিইডি অফিস নিয়মিত তদারকি করবে। নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম বা অসংগতি পরিলক্ষিত হলে স্থানীয় জনগণকে ঠিকাদার কিংবা ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে খারাপ আচরণ না করে এলজিইডি অফিস অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার আহ্বান জানানো হয়।
এদিকে, জকিগঞ্জ উপজেলায় চুরি-ডাকাতি রোধে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে বলে সভায় জানানো হয়। অপরাধ নিয়ন্ত্রণ এবং স্থানীয় পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার সব ইউনিয়নে প্রতিরোধ কমিটি গঠন করা হবে বলে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় সড়কের নির্মাণকাজে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করা এবং চুরি-ডাকাতি প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া আসন্ন দুর্গা পুজায় সকল ধরণের প্রস্তুতির বিষয় তুলে ধরেন সভার সভাপতি।
সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগে জকিগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট উন্নয়নকাজের মান বজায় থাকবে বলে আশা প্রকাশ করা হয়। সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।
