সিলেট মহানগরীর অন্তর্ভুক্ত যেকোনো থানা, ওয়ার্ড কিংবা অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় মিছিল-মিটিংয়ের ব্যানারে দলের নাম ব্যবহারের ক্ষেত্রে সুনির্দিষ্ট অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা জারি করেছে সিলেট মহানগর বিএনপি। অনুমোদনে ব্যত্যয় ঘটলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই কড়া নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় বিএনপি কর্তৃক নির্ধারিত বা ঘোষিত কর্মসূচি ছাড়া স্থানীয় পর্যায়ে আয়োজিত যেকোনো মিছিল কিংবা মিটিংয়ের ব্যানারে ‘বিএনপি’ নাম ব্যবহারের আগে মহানগর বিএনপির সভাপতি অথবা সাধারণ সম্পাদকের নিকট থেকে সুনির্দিষ্ট অনুমতি গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে। পূর্বানুমতি ছাড়া যেকোনো ব্যানার বা ফেস্টুনে দলীয় নাম ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকল পর্যায়ের নেতাকর্মীদের কঠোর নির্দেশ দেওয়া হয়।

দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের সার্বিক ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, এই সাংগঠনিক নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *