ইমারত নির্মাণ বিধিমালা অমান্য করে ভবন নির্মাণ প্রতিরোধ এবং পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে সিলেটে তদারকি কার্যক্রম শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। পাশাপাশি ভবন নির্মাণের আগে যথাযথ অনুমোদন নেওয়া ও নির্ধারিত নকশা অনুসরণের বিষয়ে নগরবাসীকে সচেতন করা হচ্ছে।
গত রোববার থেকে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর নেতৃত্বে সংস্থাটির একটি প্রতিনিধি দল নগরের বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবন পরিদর্শন করছেন। এ সময় সিউকের কর্মকর্তা ও প্রকৌশলীরা ভবনগুলোর নির্মাণকাজ অনুমোদিত নকশা ও প্রচলিত বিধিমালা অনুযায়ী হচ্ছে কি না, তা যাচাই করেন।
পরিদর্শনকালে ভবনমালিকদের নির্মাণকাজ শুরুর আগে প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার পাশাপাশি নির্মাণ শেষে ভবন ব্যবহারের উপযোগিতা-সংক্রান্ত সনদ বা অকুপেন্সি সার্টিফিকেট সংগ্রহের বিষয়েও অবহিত করা হয়।
সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী জানান, সিলেট সিটি করপোরেশন অথবা সিউকের অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া যায়, যা বিধিসম্মত নয়। এ ধরনের অনিয়ম সংশোধনে সংশ্লিষ্টদের সতর্ক করার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সিলেটকে একটি পরিকল্পিত, আধুনিক ও নিরাপদ পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে হলে ভবন নির্মাণে বিধিমালা মেনে চলার বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে নগরবাসীর সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সিউকের এ তদারকি কার্যক্রমের মাধ্যমে ভবন নির্মাণে নিয়ম-শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ অবকাঠামো গড়ে তোলা এবং পরিকল্পিত নগর উন্নয়ন নিশ্চিত করার প্রচেষ্টা জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
