জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে একটি বাড়ির দরজা ভেঙে ঢুকে দুই ব্যক্তিকে বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোন লুট করেছে ডাকাতেরা। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের শাহবাগ মহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, ৫–৬ জনের একটি দল বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় ঘরে থাকা মাওলানা কমর উদ্দিন ও সিরাজুল ইসলামকে বেঁধে ফেলে তারা। পরে পাঁচ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা ও চারটি মুঠোফোন লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ ৬০ হাজার টাকা।
ভুক্তভোগীদের দাবি, ডাকাতেরা সিলেটি ভাষায় কথা বলছিল। যাওয়ার সময় মামলা করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তারা। এ ছাড়া ডাকাতদের একজন দাবি করে, এর আগেও ওই বাড়িতে একাধিকবার ডাকাতির ঘটনায় সে জড়িত ছিল। একটি মুঠোফোন বাড়ির আশপাশে খুঁজে পাওয়া যাবে বলেও জানিয়ে যায় ডাকাতেরা।
খবর পেয়ে জকিগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, তিনি তখনো ঘটনাস্থলে রয়েছেন। ডাকাতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
জকিগঞ্জ পৌর বিএনপির সহসভাপতি মুনিম আহমদ বলেন, এর আগেও ওই বাড়িতে কয়েকবার ডাকাতির ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে এলাকায় একের পর এক ডাকাতির ঘটনা ঘটলেও অপরাধীদের গ্রেপ্তার করা যাচ্ছে না। এতে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
মুনিম আহমদ আরও বলেন, মাওলানা কমর উদ্দিন তাঁর বড় বোনের স্বামী। আগামী ২২ অক্টোবর কমর উদ্দিনের সপরিবারে ওমরাহ পালনে যাওয়ার প্রস্তুতি ছিল। এর মধ্যে বাড়িতে ডাকাতির ঘটনায় তাঁরা আতঙ্কিত।
