নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা আবুল হুদা। তিনি তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বালিজুরী গ্রামের বাসিন্দা।
সোমবার দুপুরে বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর, দক্ষিণ কুল, নয়াহাট ও বড়কলা পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি আনুষ্ঠানিক ভাবে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার এ ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, বালিজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জবা মিয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হারিস মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে আবুল হুদা বালিজুরী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে নগদ অর্থ অনুদান প্রদান করেন।
