বাংলাদেশের বেসরকারি খাতে বড় বিনিয়োগের ঘোষণা দিতে যাচ্ছে জাপান। আগামী ৫ বছরে ১ ট্রিলিয়ন ইয়েন, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭৭ হাজার ৪৭০ কোটি টাকা, বিনিয়োগ করবে দেশটি।
আজ বৃহস্পতিবার জাপানের প্রভাবশালী গণমাধ্যম নিক্কেই এশিয়া এই তথ্য জানিয়েছে, যা রয়টার্সও প্রকাশ করেছে।
জানা গেছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন শীর্ষ বৈঠক শেষে যৌথভাবে এই বিনিয়োগের ঘোষণা আসবে।
এই বিনিয়োগের মূল লক্ষ্য বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা এবং এশিয়ায় বিনিয়োগের কেন্দ্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা।
এই অর্থ ব্যয় হবে অটোমোবাইল, উৎপাদন শিল্প, বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবকাঠামো উন্নয়নে। বিশেষ করে সুমিতোমো কর্পোরেশনের উদ্যোগে গড়ে ওঠা ‘বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন’ এ জাপানি কোম্পানিগুলো বিনিয়োগ করবে।
উল্লেখ্য, জাপান বর্তমানে বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন সহযোগী। মেট্রোরেল, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের মতো বড় প্রকল্পে তারা সহযোগিতা করছে।

