জৈন্তাপুরে চলছে ৩ দিনব্যাপী ‘ভূমি সেবামেলা’

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুর উপজেলায় চলছে ৩ দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’।

মেলার উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে ভূমি বিষয়ের সেবাগ্রহীতা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অবস্থিত সেবা কেন্দ্রে ৩ দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনন্দা রায়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল ও সহসভাপতি আব্দুল হালিম, আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের সুপার হেলাল আহমদ, জৈন্তাপুর বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রিন্সিপাল আবু সুফিয়ান বেলাল, সাংবাদিক মুরাদ হাসান, সাইফুল ইসলাম, সাহেদুর রহমান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায় বলেন, “সরকারি অফিসে সঠিক সেবা পাওয়া সাধারণ মানুষের নাগরিক অধিকার। বিশেষ করে ভূমি সংক্রান্ত বিষয়ে আমাদের প্রত্যেকেরই কম-বেশি ধারণা থাকা উচিত।”

নতুন প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত সিলেবাসের পাশাপাশি শিক্ষার্থীদের ভূমি সংক্রান্ত বিষয়ে প্রাথমিক ধারণা দিতে তিনি শিক্ষক সমাজের প্রতি বিশেষ আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব বলেন, জৈন্তাপুর উপজেলার সর্বস্তরের মানুষের জমি সংক্রান্ত যাবতীয় সেবা দিতে ভূমি অফিস সবসময় প্রস্তুত রয়েছে। তিনি মেলা ও সাধারণ সেবা কার্যক্রমে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং কোনো ধরনের দালালের আশ্রয় না নিয়ে সরাসরি ভূমি অফিসে যোগাযোগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন উপজেলা ভূমি অফিসে এই মেলা চলবে, যেখানে নাগরিকরা ঘরে বসেই ই-নামজারি, খতিয়ান এবং ভূমি উন্নয়ন করসহ আধুনিক অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন সেবা ও তথ্য সরাসরি সংগ্রহ করতে পারবেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬
  • ১১:৫২
  • ৪:২৭
  • ৬:৩৩
  • ৭:৫৫
  • ৫:০৮