মৌলভীবাজারের কুলাউড়ায় মিনি ট্রাক আটকে মাছ ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় ছাত্রদলের তিন নেতাকে সাংগঠনিক পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাতে জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. রাকিব আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাদ উদ্দিন রাজ, পৌর শাখার সদস্য সুজন আরিয়ান এবং কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বশীল পদে থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এ ছাড়া ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের অব্যাহতি পাওয়া ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১ নভেম্বর কুলাউড়ার কৌলা এলাকায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি মিনি ট্রাক থেকে শৌল মাছ ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে। এ ঘটনায় কুলাউড়া থানায় মামলা হয়, যেখানে ছাত্রদলের ওই তিন নেতাকে আসামি করা হয়েছে।
ঘটনায় ছাত্রদল নেতাদের নাম জড়িয়ে পড়ার পর জেলা ছাত্রদল এ সাংগঠনিক ব্যবস্থা নেয়। তবে অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
