
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শরীয়তপুরে ডা. নাসিরসহ সারাদেশে চিকিৎসকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মৌলভীবাজার প্রাঙ্গণে ‘ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব), মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলাসহ দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সহিংসতার তীব্র নিন্দা জানান। তারা বলেন, নিরাপদ কর্মস্থল নিশ্চিত না হলে চিকিৎসকদের পক্ষে একাগ্রতার সাথে সেবা প্রদান করা অসম্ভব হয়ে পড়ছে। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বক্তারা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, “প্রতিটি হাসপাতালে তিন শিফটে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া জরুরি, যাতে করে চিকিৎসক, নার্স ও কর্মচারীরা নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারেন।
এছাড়াও চিকিৎসকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে ‘চিকিৎসক সুরক্ষা আইন’ প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
ড্যাব মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব ডা. আব্দুল হাদির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ডা. মোহাম্মদ ইয়াহিয়া এবং কোষাধ্যক্ষ ডা. আহমেদ ফয়সল জামান।
বক্তারা চিকিৎসকদের ন্যায্য দাবি আদায়ে সংবাদকর্মীদের সহযোগিতার আহ্বান জানান এবং বলেন, সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ অব্যাহত থাকবে। সমাবেশে হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।