
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের অনুপ্রবেশের চেষ্টা ঠেকাতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (ভোররাতে) উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পশ্চিম গিয়াপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার কলসিমুখ সীমান্তের মেইন পিলার-৮০৬ এর কাছ দিয়ে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে ভারতীয় একটি চোরাকারবারি দল। বিষয়টি টের পেয়ে কলসিমুখ ক্যাম্পের বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে।
তবে চ্যালেঞ্জ উপেক্ষা করে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে চোরাকারবারিরা দ্রুত পিছু হটে ভারতের অভ্যন্তরে ফিরে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া অতিক্রম করে একদল চোরাকারবারি অনুপ্রবেশের চেষ্টা করছিল। তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়া হয়। পরে তারা ফিরে যায়।
বিজিবি জানায়, ঘটনায় কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।