ঈদ যাত্রা ঘিরে অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি, সড়ক দুর্ঘটনা, যমুনা সেতুর ওপর এবং সেতুর সংযোগ সড়কে গত রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ৪৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। যানবাহনের ধীরগতি রয়েছে। এতে থেমে চলছে যানবাহন।

মঙ্গলবার দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে সদর উপজেলার পাকুল্ল্যা পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হ‌য়। আজ বুধবার সকালেও রয়েছে সেই যানজট। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ঈদে ঘরমুখো মানুষের। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা ভোগান্তিতে পড়েছেন।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘রাতে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপে একটু জটলা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হবে বলে আশা করছি।’

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, ‘ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে পুরো সড়কেই যানবাহনের চাপ রয়েছে। বৃষ্টির কারণে যানবাহনের ধীর গতিতে রয়েছে। দ্রুত এটি স্বাভাবিক হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *