ঈদুল আজহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ নিয়ে মাল্টিপ্লেক্সে প্রদর্শনীসংক্রান্ত শঙ্কা কেটে গেছে। স্টার সিনেপ্লেক্সে কনটেন্ট ফাইল পৌঁছাতে বিলম্ব হওয়ায় সাময়িক অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত ঈদের দিন থেকেই সিনেমাটি প্রদর্শনের সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে টিকিট বিক্রিও শুরু হয়েছে।
গতকাল দুপুরে স্টার সিনেপ্লেক্স তাদের ফেসবুক পেজে জানায়, ‘রকস্টার’ ও ‘মাসুদ রানা’ সিনেমার কনটেন্ট ফাইল তাদের হাতে না পৌঁছানোয় শো-সূচি প্রকাশ এবং অগ্রিম টিকিট বিক্রি শুরু করা সম্ভব হচ্ছে না। এতে দর্শকদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়।
তবে বিকেলেই ‘রকস্টার’-এর নির্মাতা আজমান রুশো জানান, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ঈদের দিন থেকেই সিনেমাটি প্রদর্শিত হবে। পরে রাত ১২টার দিকে স্টার সিনেপ্লেক্স আজকের প্রদর্শনীর টিকিট বিক্রি শুরু করে। সকাল পর্যন্ত অধিকাংশ শোর টিকিট প্রায় শেষ হয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে।
এদিকে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চসংখ্যক প্রেক্ষাগৃহ পেয়েছে ‘রকস্টার’। সিনেমাটির নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু প্রকাশিত তালিকা অনুযায়ী, মাল্টিপ্লেক্স ও একক হল মিলিয়ে দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সিনেমাটি।
নির্মাতা আজমান রুশোর গল্পে নির্মিত ‘রকস্টার’-এ একজন সংগীতশিল্পীর সংগ্রাম, সাফল্য, উত্থান-পতন এবং বাস্তব জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। নির্মাতা জানান, চলচ্চিত্রে আসার আগে তিনি নিজেও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। নিজের অভিজ্ঞতা এবং বাস্তব জীবনের রকস্টারদের গল্পের সমন্বয়ে চিত্রনাট্যের ভিত্তি তৈরি করেছেন।
সিনেমাটির অধিকাংশ গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি। গানগুলোতে কণ্ঠও দিয়েছেন তিনি। এছাড়া রাজীব হাসান, হাসান রোবায়েত ও অংকনের লেখা গান রয়েছে। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব।
সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ রচনা করেছেন আয়মান আসিব ও সামিউল ভূঁইয়া। সিনেমাটির এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার চরকি।
‘রকস্টার’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলা ও সুনিধি নায়েক। ঈদের ছুটিতে সিনেমাটি দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, সেদিকেই এখন নজর চলচ্চিত্রসংশ্লিষ্টদের।