
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দেশটির গণমাধ্যমের বরাতে জানা যায়, উদ্ধার হওয়া মরদেহের অংশ জামিল লিমনের (২৭)। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন।
অন্যদিকে একই বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (২৭) এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (২৭)
এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহকে (২৬) গ্রেপ্তার করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়। বিষয়টি নিশ্চিত করেছে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস বিভাগ।
পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল সকালে টাম্পায় নিজ বাসায় সর্বশেষ দেখা যায় জামিল লিমনকে। একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে শেষবার দেখা যায় নাহিদা বৃষ্টিকে। এরপর থেকেই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান
তদন্তের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি লেক ফরেস্ট এলাকার একটি আবাসিক এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। সেখানকার একটি সেতু এলাকা থেকে উদ্ধার হওয়া মরদেহের অংশ লিমনের বলে শনাক্ত করা হয়।
শেরিফ কার্যালয় জানায়, অভিযানের সময় ওই এলাকার প্রবেশ ও বের হওয়ার পথ সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং সোয়াট দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।
উল্লেখ্য, লেক ফরেস্ট একটি ‘ডিড-রেস্ট্রিকটেড’ আবাসিক এলাকা, যেখানে বাসিন্দাদের জন্য নির্দিষ্ট নিয়মকানুন প্রযোজ্য।
নিখোঁজ অপর শিক্ষার্থী নাহিদা বৃষ্টির সন্ধানে অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।