
মানুষের ভালবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিলেন সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী…
হাজার হাজার মানুষের শ্রদ্ধা ভালবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিলেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ নেতা মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।
শনিবার (১৩ জুন) বিকাল ৪.২০ঘটিকায় কানাইঘাটে তাঁর প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদরাসা মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযা পরে নিজ মাদরাসা ক্যাম্পাসে তাঁকে সমাহিত করা হয়।
জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজাহারুল ইসলাম এমপি,সিলেট ৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের নেতা মুফতি মাওলানা আবুল হাসান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী,জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি
জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী,ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর সেলিম উদ্দিন,সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর আনওয়ার হোসাইন খান, জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুস সালাম মাদানি, সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান উদ্দিন, সিলেট জেলা উত্তর জামায়াতের সাবেক নায়েবে আমীর সৈয়দ ফয়জুল্লাহ বাহার, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ, কানাইঘাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বেশ কিছুদিন আগে তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে মারা যান।
মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সিলেট-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া তিনি সিলেট জেলা জামায়াতের আমিরের দায়িত্বও পালন করেছেন। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।