এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। তিনি জানান, পরীক্ষার দুই মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সেশনজট কমিয়ে আনতে সিলেবাস শেষ হওয়ার পরপরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি এক বছর আগেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। শিক্ষার মান উন্নয়নে চলমান বিভিন্ন প্রকল্প বাস্তবায়নেও সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে ইনোভেশন, আইডিয়া, শোকেসিং ও স্টার্ট-আপ কার্যক্রম ব্যাপকভাবে পরিচালিত হচ্ছে। এসব কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠিত হবে আগামী ২৮ ও ২৯ জুন। এর মধ্যে ২৯ জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ের ফাইনাল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

এদিকে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আগামী ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যা সুনাগরিক তৈরিতে সহায়ক হবে। সুস্থ নাগরিক গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নতুন প্রজন্মকে ট্যাব ও মোবাইলনির্ভর জীবনে সীমাবদ্ধ রাখতে চায় না সরকার।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, সার্টিফিকেটনির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে শিক্ষার্থীদের ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। তিনি জানান, বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষা ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং সৃজনশীলতা ও মেধা বিকাশে বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচি প্রাথমিকভাবে ষষ্ঠ শ্রেণিতে চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণিতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৭
  • ৪:৩৩
  • ৬:৪৫
  • ৮:১২
  • ৫:০৫