
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় মৎস্য চাষিদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থ বছরের এই প্রকল্পে উপজেলার ২০ জন নির্বাচিত মৎস্য চাষি অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. আল-মিনান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর সিলেট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক দ্বিজরাজ বর্মন এবং দিরাই উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার।
জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল-আমীনের সঞ্চালনায় দুই দিনের এই প্রশিক্ষণে আধুনিক ও উন্নত পদ্ধতিতে মাছ চাষের বিভিন্ন কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ, পাঙ্গাস ও তেলাপিয়া চাষের আধুনিক প্রযুক্তি এবং মাছের রোগবালাই প্রতিকার সম্পর্কে চাষিদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে অতিথিরা বলেন, মৎস্য চাষে প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়িয়ে মৎস্য চাষিরা নিজেদের ভাগ্য বদলের পাশাপাশি দেশের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। প্রশিক্ষিত এই চাষিরা মাঠ পর্যায়ে নতুন প্রযুক্তির প্রসারে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য চাষিদেরও এমন কারিগরি প্রশিক্ষণের আওতায় আনা হবে।