
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই। মঙ্গলবার দুপুরে রাজধানীর কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘ফ্যাসিবাদী আমলে’ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ‘জঙ্গিবাদ’ শব্দটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো।
জঙ্গিবাদ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দেশে এ ধরনের কোনো তৎপরতা নেই। তবে এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে। পৃথিবীর সব দেশেই এরা থাকে। কিছু কট্টরপন্থী গোষ্ঠী, বা মৌলবাদী রাজনৈতিক গোষ্ঠী থাকে—আমরা সেগুলোর সঙ্গে পরিচিত। সশস্ত্র বাহিনীর ভেতরে জঙ্গিদের কোনো সম্পৃক্ততা আছে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও প্রতিরক্ষাসহ সব সুশৃঙ্খল বাহিনীতে নিজস্ব গোয়েন্দা ব্যবস্থা রয়েছে।