
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অনলাইন জুয়া সিন্ডিকেটের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। সারিঘাট পুরাতন বাজারের একটি চায়ের দোকানে বাজি ধরার সময় চক্রের মূল হোতাসহ পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, গোয়াইনঘাট উপজলার ঊজুহাত গ্রামের জুবায়ের আহমেদ (২৮), নয়াগ্রাম উ্ত্তরের সাগর মালাকার (২০), হাজরাই গ্রামের মফিজুর রহমান (৩২) ও শাহীন আহমেদ (২৯) এবং কাকুনাখাই গ্রামের আজিজুল হক (৪৮)।
র্যাব সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে জৈন্তাপুরের দরবস্ত বাজার এলাকায় অবস্থানকালে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদ পায় যে, সারিঘাটের একটি দোকানে অনলাইনে বড় ধরনের জুয়াড় আসর বসেছে। তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় সেখানে আকস্মিক অভিযান চালায় র্যাব। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও ঘেরাও করে পাঁচজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। তারা জানায়, বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহার করে সাধারণ মানুষকে ২০০ টাকায় ৩০০০ টাকা জেতার প্রলোভন দেখাত। জুয়া খেলায় নতুনদের যুক্ত করে তারা মোটা অংকের কমিশন হাতিয়ে নিত। জব্দকৃত মোবাইলে বাজি ধরার ডিজিটাল আলামত পাওয়া গেছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬-এর অধীনে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে র্যাবের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সিলেট/হা


