
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) পরিসংখ্যান বিভাগের আয়োজনে ‘এমএসসি ইন ডেটা সায়েন্স (প্রফেশনাল)’ প্রোগ্রামের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের গ্যালারি কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. ইসমাইল হোসাইন, স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. আহমেদ কবির চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী এবং গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন। সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আজিজুল বাতেন। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মো. জাকির হোসেন।
স্বাগত বক্তব্যে জাকির হোসেন বলেন, বর্তমান ও ভবিষ্যতের চাহিদা বিবেচনায় প্রোগ্রামটির পাঠ্যক্রমে শিল্পখাত-সংশ্লিষ্ট আধুনিক বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে পাঠদান পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক সহায়তায় প্রথমবারের মতো টিচিং অ্যাসিস্ট্যান্ট (টিএ) ব্যবস্থা চালু করা হয়েছে।
উপাচার্য খায়রুল ইসলাম বলেন, এই প্রোগ্রাম থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে শিক্ষার্থীরা দেশ-বিদেশে সাফল্যের স্বাক্ষর রাখবে বলে তিনি আশাবাদী। তিনি পরিসংখ্যান বিভাগকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা বিভাগ উল্লেখ করে শিক্ষার্থীদের বিভাগের একাডেমিক পরিবেশ ও সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার করে নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, প্রোগ্রামটির সফল বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।
ট্রেজারার ইসমাইল হোসাইন বলেন, বর্তমান সময়ে আন্তঃবিষয়ক শিক্ষার গুরুত্ব বেড়েছে। পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং গণিত বিভাগের সমন্বয়ে পরিচালিত এই প্রোগ্রাম শিক্ষক-শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী জ্ঞানভিত্তিক পরিবেশ তৈরি করবে এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারে এগিয়ে থাকতে সহায়তা করবে।
ডিন আহমেদ কবির চৌধুরী বলেন, বিশ্বজুড়ে ডেটা সায়েন্স ও পরিসংখ্যানের গুরুত্ব দ্রুত বাড়ছে। কোয়ান্টাম কম্পিউটিংসহ আধুনিক প্রযুক্তির সঙ্গে এই ক্ষেত্রের নিবিড় সম্পর্ক রয়েছে। তাই সময়োপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জনের লক্ষ্যেই প্রোগ্রামটি প্রণয়ন করা হয়েছে।
এছাড়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী এবং গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত হওয়া এবং আন্তঃবিষয়ক এ প্রোগ্রামের সর্বোচ্চ সুফল গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মো. আজিজুল বাতেন নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের সফল একাডেমিক জীবন কামনা করেন। তিনি অতিথি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।



